খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায় এক হিন্দু গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, দুই সন্তানসহ সংসার ছেড়ে তিনি স্থানীয় এক প্রতিবেশী ব্যক্তির সঙ্গে চলে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ নারীর নাম ফেন্সি বিশ্বাস। তিনি আনন্দ বিশ্বাসের স্ত্রী এবং ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকার বাসিন্দা। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। ফেন্সি বিশ্বাসের বাবার বাড়ি একই উপজেলার হাজিবুনিয়া গ্রামে।
স্বজনদের অভিযোগ, ফেন্সি বিশ্বাস সম্প্রতি একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে তিনি হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের ধারণা, তিনি ইউনুসের সঙ্গে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইউনুসও বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়েও সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনার পর থেকে মাদারতলা এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ গৃহবধূর পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ফেন্সি বিশ্বাসের অবস্থান বা তিনি স্বেচ্ছায় গেছেন নাকি অন্য কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
মতামত