ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ভবানীপুর এলাকায় একটি শ্মশানে শবদাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ভবানীপুর গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর গ্রামবাসী তাঁর মরদেহ স্থানীয় শ্মশানে সৎকারের জন্য নিয়ে গেলে মো. বারকাত মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি শবদাহে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং এতে একজন আহত হন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবি, সংশ্লিষ্ট জায়গাটি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই সেখানে শবদাহে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।
অন্যদিকে মো. বারকাত মিয়ার দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁর পৈতৃকভাবে কেনা সম্পত্তি এবং এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয় বলেও তিনি দাবি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মতামত