নরসিংদীর মাধবদীর বিরামপুর কালীবাড়ি মন্দিরে ভক্ত সেজে আসা এক নারীর বিরুদ্ধে মন্দিরের দেবী বিগ্রহের গলা থেকে স্বর্ণের নেকলেস চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, অভিযুক্ত নারী প্রথমে সকাল ৮টা ৫৩ মিনিটে মন্দিরে প্রবেশ করেন। সে সময় তিনি নিজেকে একজন সাধারণ ভক্ত হিসেবে পরিচয় দিয়ে মন্দিরের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দুপুরের ভোগ কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি মন্দির ত্যাগ করেন।
এরপর একই নারী দুপুর ১২টা ১০ মিনিটে পুনরায় মন্দিরে আসেন। অভিযোগ রয়েছে, ওই সময় মন্দিরের কর্তা গর্ভমন্দিরের তালা খুলে ভোগ নিবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত নারী দ্রুত দেবী মায়ের বিগ্রহের গলায় থাকা স্বর্ণের নেকলেস ছিঁড়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে পুরো ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটেজে অভিযুক্ত নারীর চলাফেরা ও চুরির ঘটনাও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত নারীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।
মতামত