মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব–২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে মহাভারতের কালজয়ী ও তাৎপর্যপূর্ণ পর্ব ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’-এর অত্যন্ত জীবন্ত, দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যপূর্ণ চিত্রায়ন পরিবেশন করে ৪র্থ স্থান অধিকার করেছে ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ’। ঐতিহাসিক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সংগঠনটির শিল্পীদের নিখুঁত অভিনয়, নান্দনিক সাজসজ্জা এবং সুনির্দিষ্ট নিয়মশৃঙ্খলার বিশেষ স্বীকৃতিস্বরূপ মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
এই স্মরণীয় সাফল্য উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি-র পক্ষ থেকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সকল স্তরের নেতৃবৃন্দ, উদযাপন কমিটির সদস্য, কলাকুশলী ও ভক্তবৃন্দের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা। পূজা কমিটির প্রতিনিধিরা জানান, মিছিলে শাস্ত্রীয় ঘটনার এমন সুশৃঙ্খল ও জীবন্ত উপস্থাপন বৈদিক মূল্যবোধ ও অন্যায়ের বিরুদ্ধে ভগবানের অভয়বাণীকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা উপস্থিত লাখো ভক্তকে মুগ্ধ ও ভাবালুত করেছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য আদর্শ, সনাতন ধর্মীয় মূল্যবোধ ও হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির চেতনাকে ধারণ করে সমাজকল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথচলায় এই অর্জন এক বিশাল প্রেরণা। মহাভারতের নীতিশিক্ষা ও ধর্মের জয়ের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতেই এই চিত্রায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তাাঁরা আরও ব্যক্ত করেন যে, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তাকে পাথেয় করে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ আগামী দিনগুলোতেও সনাতন সংস্কৃতির বিকাশ, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে নিজেদের নিবেদিত রাখবে। কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার মতো বৃহৎ জাতীয় আয়োজনে ভবিষ্যতেও এমন দৃষ্টিনন্দন ও অর্থবহ অংশগ্রহণ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির কর্মীরা।



মতামত