বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুরের পাশাপাশি মাথাও কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাপ্তাহিক পূজার আয়োজনের প্রস্তুতি নিতে স্থানীয়রা মন্দিরে গেলে ভাঙচুর করা অবস্থায় প্রতিমাটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে মন্দির সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে প্রতিমাটি ভাঙচুরের বিষয়টি দেখতে পান।
খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
খাড়াসম্বল দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সর্বজিৎ হালাদার জানান, প্রতি মঙ্গলবার মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতির জন্য সোমবার দুপুরের দিকে তাদের পরিবারের দুই সদস্য মন্দিরে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, মা কালীর প্রতিমাটি বিভিন্নভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি প্রতিমার মাথাও কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত মন্দির সংশ্লিষ্টরা সেখানে গিয়ে ভাঙচুর করা অবস্থায় প্রতিমাটি পড়ে থাকতে দেখেন। তবে কারা বা কী কারণে প্রতিমাটি ভাঙচুর করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত