স্বামীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শোকে বিহ্বল স্ত্রীর মর্মান্তিক জীবনাবসানের ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারীতে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সোমবার রাত সাড় ৯টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জীবনসঙ্গীর প্রয়াণে ভেঙে পড়েন ৮০ বছর বয়সী স্ত্রী নিত্য বালা অধিকারী। সারারাত প্রিয় স্বামীর মরদেহের পাশে বসে শোকে বিহ্বল হয়ে কাঁদতে দেখা যায় তাকে। দীর্ঘ দাম্পত্যের সঙ্গীকে হারানোর এই তীব্র বেদনা কিছুতেই সহ্য করতে পারছিলেন না তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') এরপর মঙ্গলবার ভোরে যখন পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখন ঘর থেকে নিখোঁজ হন নিত্য বালা। স্বজনরা খোজাখুঁজির একপর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রেললাইনে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। স্থানীয় ও পরিবারের ধারণা, স্বামীহারা হওয়ার শোক সইতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি রেললাইনের দিকে চলে যান এবং ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরবর্তীতে ধর্মীয় সামাজিক রীতি মেনে একই সঙ্গে পাশাপাশি দুটি চিতায় এই সনাতনী দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়।
মতামত