কুড়িগ্রাম সদর উপজেলার একটি পারিবারিক মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপালের মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসর নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ারচরের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) ও আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা সম্পর্কে থানায় খবর দেওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। তদন্ত শেষে সন্দেহভাজনদের আটক করে নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মূর্তি চুরির ঘটনায় সারারাত অভিযান চালিয়ে চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মতামত