চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় পাঁচতলা ভবন থেকে পড়ে নিয়তি বণিক (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নিয়তি বণিক অরুণ বণিকের স্ত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় অমল বণিকের মালিকানাধীন একটি ভবনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
মঙ্গলবার সকালে বাসার ময়লা ফেলতে গিয়ে অসাবধানতাবশত পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে যান নিয়তি বণিক। এতে গুরুতর আহত হন তিনি। পরে ভবনের নিচে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়তি বণিকের স্থায়ী বাড়ি ফটিকছড়ি উপজেলায়। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় বসবাস করছিলেন তিনি।
এদিকে, তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পর তাঁর শেষকৃত্য রাইখালী মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।
মতামত