নীলফামারীর ডোমার উপজেলায় একটি কালীমন্দিরে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মন্দিরের প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি সাকারিয়া পাড়ার একটি কালীমন্দিরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদ হামিদুল ইসলাম মন্দিরে প্রবেশ করে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করেন। মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় প্রতিমা ভাঙচুরের এ দৃশ্য ধারণ হয় বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর মানসিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিকিৎসাগত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত