ঝাড়খণ্ডের জামতাড়ায় এক হিন্দু যুবক ও মুসলিম তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিহতরা হলেন রকি কুমার মণ্ডল (২০) ও নাজিয়া খাতুন (১৮)। বাড়ি জামতাড়া জেলার কর্মাটাঁড় থানার রিঙ্গোচিঙ্গো গ্রামে। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিদ্যাসাগর ও মদনকাটা স্টেশনের মাঝে রেললাইনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের আপত্তির কারণে তারা পালিয়ে স্থানীয় একটি দুর্গা মন্দিরে যায় বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে যুবককে তরুণীর কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। এই ছবির পরই ধর্ম পরিবর্তন করে বিয়ের গুঞ্জন ছড়ায়।
তবে এ বিষয়ে কর্মাটাঁড় থানার ওসি অলখ নাথ চৌবে জানান, তাদের আইনিভাবে বিয়ে বা ধর্ম পরিবর্তনের কোনো নথি পাওয়া যায়নি। ছবিতে প্রতীকীভাবে সিঁদুর পরানোর বিষয়টি দেখা গেছে।
এর কয়েক ঘণ্টা পরেই রকির ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে দুজনের হাত নীল কাপড়ে বাঁধা ছিল। ক্যাপশনে লেখা ছিল, "গ্রামবাসীকে বলছি, আমাদের এই বন্ধন কখনো আলাদা করো না। আমাদের যেখানেই দাফন করো, একসাথে করো।"
পুলিশ জানায়, ময়নাতদন্তে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, তবে এটি অনার কিলিং কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মতামত