নরসিংদীর পলাশ উপজেলায় মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চরসিন্দুর বাজারসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মনি চক্রবর্তী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, পুরো ব্যবসায়ী সমাজের জন্য আতঙ্কের বিষয়। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূঁইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার এবং পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিপন দেবনাথ। বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, সংখ্যালঘু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
জানা গেছে, সোমবার রাতে মনি চক্রবর্তী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে সুলতানপুর গ্রামের নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ বিরাজ করছে।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহতের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মতামত