মানবজন্ম কেবল জাগতিক সুখ-স্বাচ্ছন্দ্য কিংবা ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয়, বরং আত্মোপলব্ধি, ঈশ্বর সাধনা এবং মানবকল্যাণের মাধ্যমেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত থাকে। বাংলাদেশের সনাতনী সমাজের অন্যতম শীর্ষস্থানীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঋষিধাম ও তুলসীধামের প্রয়াত মোহন্ত মহারাজ পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ তাঁর সমগ্র জীবনকে পরমাত্মার চরণে সমর্পণ করে মানবতার কল্যাণে নিয়োজিত করেছিলেন। তাঁর জীবনাদর্শ ও ত্যাগের মহিমা আজও ভক্তবৃন্দ ও সনাতনী সমাজের জন্য এক আলোকবর্তিকা হয়ে রয়েছে।
শিব কল্পতরু পরমব্রহ্মস্বরূপ শ্রীশ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের অপার কৃপা, আশীর্বাদ ও আধ্যাত্মিক ভাবধারায় সিক্ত হয়ে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ নিজেকে গড়ে তুলেছিলেন ত্যাগ, সংযম, জ্ঞান ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে। ঋষি অদ্বৈতানন্দের মানসপুত্র হিসেবে খ্যাত এই মহাপ্রাণ সাধক চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধাম এবং তুলসীধামসহ এর বিভিন্ন শাখাকে কেন্দ্র করে গীতা চর্চা, গুরুপরম্পরার শিক্ষা ও ধর্মীয় ভাবধারার যে প্রবাহ তৈরি করেছিলেন, তা আগামী প্রজন্মের জন্য এক অমূল্য আধ্যাত্মিক উত্তরাধিকার।
(News copied from- 'হিন্দুস নিউজ')
ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের বাণী— ‘তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া’ অর্থাৎ বিনয়, জিজ্ঞাসা ও সেবার মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান লাভ করা যায়; এই শাশ্বত সত্যকে তিনি নিজের জীবনে ধারণ করেছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সনাতনী সংস্কৃতির সংরক্ষণ এবং সকল মানুষের কল্যাণ ও মানবাধিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি সমাজে শান্তি ও আত্মজাগরণের বাণী প্রচার করে গেছেন। তাঁর জীবন থেকে এটিই প্রমাণিত হয় যে, জন্মের মাহাত্ম্য বয়সে নয় বরং কর্মে, আর বাহ্যিক প্রতিষ্ঠায় নয় বরং আত্মার জাগরণে নিহিত।
উল্লেখ্য, বাংলাদেশের আধ্যাত্মিক জগতের এই উজ্জ্বল নক্ষত্র ২০২৪ সালের জুলাই মাসে নশ্বর দেহ ত্যাগ করেন। প্রয়াণের পরও তাঁর সাধনা ও মানবকল্যাণের আদর্শ ভক্তদের হৃদয়ে চিরজাগরূক হয়ে আছে। প্রতি বছর ভক্তবৃন্দ ও অনুসারীরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে তাঁর আবির্ভাব উৎসব পালন করে থাকেন। ভক্তদের বিশ্বাস, গুরুদেব শিব কল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের কৃপাধারার এক চিরপ্রবহমান প্রকাশ হিসেবে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের আদর্শ যুগ থেকে যুগান্তরে মানুষের অন্ধকার দূর করে আত্মার আলো জ্বালাতে প্রেরণা জোগাবে।
(তথ্য সহায়তা: বিশ্ব পরব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ)
মতামত