চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কারাগারে স্থানান্তরের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। কারাগারে স্থানান্তরের পর থেকে তিনি পর্যাপ্ত খাবার পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করেন, ঢাকার কারাগারে নেওয়ার পর থেকে তিনি শুধু ফলমূল খেয়েই দিন কাটাচ্ছেন। এভাবে চলতে থাকলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী।
আইনজীবী জানান, চিন্ময় কৃষ্ণ দাস লিভারের সমস্যায় ভুগছেন। এ কারণে তাঁর খাবারের বিষয়ে বিশেষ বিধিনিষেধ রয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুসরণ করা এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সরবরাহ করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে কারাগারে তাঁর শারীরিক অবস্থার যথাযথ পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী।
মতামত