নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজ হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন এবং শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের প্রয়াত অক্ষয় সরকারের ছেলে। তিনি স্থানীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এলাকায় একজন সৎ ও নিবেদিতপ্রাণ সনাতনী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
(News copied from- 'হিন্দুস নিউজ')
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাড়ির পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন অদ্বৈত্য সরকার। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। রাত ১১টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং কোনো খোঁজ মিলছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনরা। নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে তাঁরা ছুটে যান।
সনাতন ধর্মাবলম্বী নাগরিকসহ দেশের সব জাতি ও সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন স্থানীয় সচেতন মহল। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত