চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় পাঁচতলা ভবন থেকে পড়ে নিয়তি বণিক (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়তি বণিক অরুণ বণিকের স্ত্রী। তিনি চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় অমল বণিকের মালিকানাধীন একটি ভবনে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার সকালে ভবন থেকে ময়লা ফেলতে গিয়ে অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে ভবনের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত নিয়তি বণিকের স্থায়ী বাড়ি ফটিকছড়ি উপজেলায়। ব্যবসায়িক কারণে তাঁরা দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এদিকে, তাঁর মৃত্যুর পর রাইখালী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মতামত