চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকার একটি বাসা থেকে ছন্দা শর্মা ওরফে কান্তা (৩৭) নামের এক হিন্দু কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার ৩য় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাসার একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। ছন্দা শর্মা ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনা এলাকার শর্মাপাড়ায়। তিনি আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক হরেরাম শর্মার মেয়ে। তার স্বামী মালয় শর্মা মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন।
পুলিশ আরও জানিয়েছে, তাদের দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের মনোমালিন্য ছিল না বলে স্বজনেরা জানিয়েছেন। দীর্ঘ ১৩ বছরের সংসারে তাদের কোনো সন্তান ছিল না। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
তিনি আরও জানান, মৃতের ভাই মনোজ শর্মার অনুরোধে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নাসিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়
মতামত