বলিউডে ফের বিয়ের ঘণ্টা। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বহুদিনের প্রেমিক, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে চলতি বছরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের বধূ হচ্ছেন এই বলিউড তারকা।
বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা, ব্যক্তিগত ডিনার ডেট থেকে শুরু করে মুম্বাইয়ের অভিজাত পার্টিগুলোতেও একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে আম্বানি পরিবারের বিভিন্ন হাই-প্রোফাইল অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠ উপস্থিতি সম্পর্কের জল্পনাকে আরও পোক্ত করে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই নীরব থেকেছেন শ্রদ্ধা কাপুর। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান— “আমি বিয়ে করছি।” এই একটি বাক্যেই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বলিউড মহলেও শুরু হয় জোর গুঞ্জন।
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পর্দার সামনে না থাকলেও ক্যামেরার পেছনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো সুপারহিট ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। তরুণ প্রজন্মের সম্পর্ক ও প্রেমের গল্প পর্দায় তুলে ধরার জন্য ইন্ডাস্ট্রিতে তার বিশেষ খ্যাতি রয়েছে।
প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে চলেছেন শ্রদ্ধা ও রাহুল। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসবে এই রাজকীয় বিয়ের আসর। সম্পূর্ণ ট্র্যাডিশনাল রীতিতে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হওয়ার কথা এই যুগলের।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি—বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। অতিথি তালিকা, পোশাক পরিকল্পনা এবং ভেন্যু বুকিং—সব কিছুই নাকি চূড়ান্ত পর্যায়ে।
মতামত