চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মামলাটির চার্জগঠনের দিন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মামলার চিন্ময় কৃষ্ণ দাসকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।
মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় চার্জগঠনের দিন নির্ধারিত হওয়ায় মামলাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। চার্জ গঠনের মধ্য দিয়েই মামলার আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হবে।
তিনি আরও জানান, মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ সময় সীমিত প্রবেশ ব্যবস্থা চালু থাকবে এবং আদালতে প্রবেশের ক্ষেত্রে সকলকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিচার কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ মামলার ২২ জন আসামিকে হাজির করা হয়।
তবে নিরাপত্তাজনিত কারণে সেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনা হয়নি। বিচারক এজলাসে বসে একে একে সকল আসামির হাজিরা নিশ্চিত করেন এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে ১৯ জানুয়ারি উভয় পক্ষের শুনানি গ্রহণ করে চার্জগঠন করা হবে বলে আদেশ দেন।
মতামত