ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা প্রচারাভিযানে দিনেশ ত্রিবেদী
ভারত সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার বারিধারায় হাইকমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতা শপথ পাঠ করান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে বলা হয়, ‘ভারতীয় হাইকমিশন, ঢাকা ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারাভিযানের পালন করেছে এবং পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা এবং আরো পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই উপলক্ষে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ঢাকার ভারতীয় হাইকমিশনের ভারতীয় কর্মকর্তাগণকে স্বচ্ছতা শপথ পাঠ করান।’পোস্টে আরো বলা হয়, এই প্রচারাভিযান স্বচ্ছতার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই অনুশীলনে উৎসাহিত করে, যা স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যে অবদান রাখে।‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি হলো ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রচারাভিযান।এই অভিযানের মূল উদ্দেশ্য হল, দেশজুড়ে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে সচেতন করা এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা, যা একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করে।চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এ কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী (২ অক্টোবর) উপলক্ষে এই প্রচারণা চালানো হচ্ছে।