চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম বণিক পাড়া সুলতানপুর এলাকায় গভীর রাতে একটি হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থ ও পোষা প্রাণিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি রাউজান জয়ন্তী সংঘ পূজা উদযাপন পরিষদের প্রবাসী সদস্য বাবু শুকুশীলের। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে পরিকল্পিতভাবে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তারা কোনোভাবে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ক্ষতিগ্রস্ত বাড়ির পাশ্ববর্তী একটি গাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকিমূলক ব্যানার টাঙানো হয়। এতে স্পষ্টভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত হামলা। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এলাকাবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হুমকিমূলক ব্যানারসহ আলামত সংগ্রহ করা হয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত