পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ছুটির তালিকার মধ্যে রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি থাকছে। ২৭ ও ২৮ মার্চ সপ্তাহান্তিক ছুটির সঙ্গে যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ২৯ মার্চ, রবিবার থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরে আসবে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা ২৯ মার্চ থেকে আবার শ্রেণিকক্ষে ফিরে আসবেন।
এ ছাড়া বছরের অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের ছুটি থাকবে।
মতামত