বলিউড এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। এবার সেই তালিকায় নতুন নাম যুক্ত হলো প্রখ্যাত সুরকার সেলিম মার্চেন্টের। ‘সুকরআল্লা’ কিংবা ‘মাওলা মেরে’-র মতো গানে সুর দিয়ে জনপ্রিয়তা পেলেও, সেলিমের সাম্প্রতিক একটি স্বীকারোক্তি নিয়ে নেটজনতার একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম জানিয়েছেন, তিনি প্রতি শুক্রবার যেমন নিষ্ঠাভরে জুমার শুভেচ্ছা জানান ও জুমা পালন করেন, তেমনই প্রতি সোমবার শিবের উপাসনাও করেন। জন্মসূত্রে মুসলিম হয়েও একইসাথে দুই ভিন্ন মেরুর ধর্ম পালনের এই দাবিকে অনেকেই স্রেফ ‘লোকদেখানো’ বা প্রচারের কৌশল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সেলিম মার্চেন্ট প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে একটি করে বিশেষ গান প্রকাশ করেন। তবে তাঁর এই স্বঘোষিত ‘সর্বধর্ম সমন্বয়’ নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসে। বিশেষ করে এ আর রহমানের মতো সঙ্গীতজ্ঞ যখন মুসলিম হওয়ার কারণে কাজ কম পাওয়ার বিতর্কিত অভিযোগ তুলেছিলেন, তখন সেলিম তার তীব্র বিরোধিতা করে নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। গত বছর পহেলগাঁওয়ের নারকীয় ঘটনার পর তিনি ‘মুসলমান হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে নিজের এই দ্বৈত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সুরকার বলেন যে, ঈশ্বর ও সঙ্গীতের সাথে তাঁর যোগসূত্র এতটাই গভীর যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল থাকার দাবি জানিয়েছেন।
কিন্তু তথাকথিত এই ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তি নিয়ে হিন্দুত্ববাদী মহলে শুরু হয়েছে গুঞ্জন। সমালোচকদের মতে, একদিকে জুমার নামাজ পড়া আর অন্যদিকে মহাদেবের আরাধনা করা—এই দুইয়ের মধ্যে এক অদ্ভুত স্ববিরোধিতা রয়েছে। তাঁদের প্রশ্ন, সনাতন ধর্মের সুগভীর আধ্যাত্মিকতাকে কি কেবল একটি দিন বা একটি গানের মাধ্যমে অনুভব করা সম্ভব, নাকি এটি বলিউডি ঘরানার এক বিশেষ ‘পিআর স্টান্ট’? সেলিমের এই বয়ান ঘিরে সমাজমাধ্যমেও চলছে জোর চর্চা। একাংশ মনে করছেন, নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই তিনি কৌশলে সনাতন সংস্কৃতির সাথে নিজের নাম জুড়ছেন। সব মিলিয়ে সেলিমের এই ‘সোমবার ও শুক্রবারের ভারসাম্য’ এখন টিনসেল টাউনের সবথেকে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মতামত