স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশু তীর্থা তার বাবার দোকানের সামনে খেলছিল। এ সময় সে ডিম খাওয়ার জন্য বায়না ধরলে তার বাবা রাস্তার অপর পাশে একটি হোটেল থেকে ডিম আনতে যান। বাবার সঙ্গে যেতে গিয়ে শিশুটি হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করে।
এ সময় ভাটিখানা থেকে জেলখানার মোড়গামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে পরিবারে চলছে আহাজারি। স্বজন ও প্রতিবেশীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সড়কে চলাচলে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী শাওন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।
মতামত