চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব ব্রাহ্মণ পাড়া টেক এলাকায় এক হিন্দু দরিদ্র পরিবারের বাড়িতে সুড়ঙ্গ কেটে চুরির ঘটনা ঘটেছে।
গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে পরিবারটিতে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল গভীর রাতে আনুমানিক ১টার দিকে একদল চোর বাড়ির মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং প্রায় ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
পরিবারটির দাবি, চুরির আগে তাদের সবাইকে কোনোভাবে অচেতন করা হয়েছিল। কারণ রাতের বেলায় কেউ কোনো শব্দ কিংবা নড়াচড়া টের পাননি। এমনকি ঘরের নিচে সুড়ঙ্গ কাটা হলেও পরিবারের সদস্যদের ঘুম ভাঙেনি। এতে তারা ধারণা করছেন, পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা অত্যন্ত দরিদ্র। দীর্ঘদিনের কষ্টে জমানো টাকা ও স্বর্ণালংকারই ছিল তাদের শেষ সম্বল। চুরির ঘটনায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
পরিবারটির সদস্যরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের সুড়ঙ্গ কেটে চুরির ঘটনা অত্যন্ত ভয়ংকর ও পরিকল্পিত অপরাধের ইঙ্গিত বহন করে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত