সনাতন ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও মহিমান্বিত পুরুষোত্তম মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে শুভ আগমন ঘটছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর অন্যতম শীর্ষ সন্ন্যাসী, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তকুলের মাঝে চরম উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৈষ্ণব ঐতিহ্য অনুসারে, পুরুষোত্তম মাসে সাধু-সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ, দান-ধ্যান এবং বৈষ্ণব সেবা পরম সৌভাগ্যের এবং আধ্যাত্মিক উন্নতির এক অনন্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়।
এই পুণ্যময় তিথিকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার কালাঘাটায় অবস্থিত শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরে (ইসকন) এক বর্ণাঢ্য সংবর্ধনা ও ভাগবতী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল ২৫ মে, রোজ সোমবার সকাল থেকে এই বিশেষ অনুষ্ঠানমালার সূচনা ঘটবে। অনুষ্ঠানে প্রধান প্রবক্তা হিসেবে অমৃতময় হরিণাম সংকীর্তন ও ভাগবতী তত্ত্ব আলোচনা পেশ করবেন স্বয়ং শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ।
এছাড়া সনাতনীদের এই মহামিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসকনের শীর্ষস্থানীয় সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিশিষ্ট বৈষ্ণব ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত আধ্যাত্মিক মহাসমাবেশে সর্বস্তরের সনাতন ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার এবং আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশের মধ্যেও সনাতন সংস্কৃতির বিকাশ, ধর্মীয় অধিকার রক্ষা ও পারমার্থিক চেতনা জাগ্রত করতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মতামত