বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে জানান, বৈঠকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাকালে তারেক রহমান স্পষ্টভাবে বলেন, তিনি কোনোভাবেই সংখ্যালঘু বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চান।
সূত্র জানায়, বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নিরাপত্তাহীনতা, সম্পত্তি দখল ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন। তারা অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়ে যেভাবে নিরাপত্তা ও আশ্বাস পেয়েছিলেন, ভবিষ্যতেও তারেক রহমানের কাছ থেকে তেমন প্রতিশ্রুতি প্রত্যাশা করেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সামনে এসেছে, সেগুলো কীভাবে সম্মিলিতভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, এই আলোচনাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে সংখ্যালঘু অধিকার, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মতামত