চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ঐতিহ্যবাহী শ্রীশ্রী গীতাভবন মন্দির পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এবারও ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকছে নানা বর্ণাঢ্য আয়োজন। এবারের দুর্গোৎসবে পূজামণ্ডপের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে নবরূপে ‘নবদুর্গা’ প্রতিমা।
আয়োজকরা জানান, দেবীর নয়টি রূপকে নান্দনিক ও শৈল্পিকভাবে তুলে ধরা হবে এবারের প্রতিমায়। প্রতিমাটির রূপায়ণ ও নির্মাণে কাজ করেছেন চট্টগ্রামের মহামায়া স্টুডিওর প্রতিমা রূপকার শ্রী উত্তম পাল। তার নিপুণ শিল্পকর্মে নবদুর্গার প্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
দুর্গোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় থাকছে বিশেষ আলোকসজ্জা। আলোকসজ্জার দায়িত্বে রয়েছে প্লাস পয়েন্ট লাইটিং। পূজার যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পৌরহিত্য পরিচালনা করবেন শ্রী দুলাল চক্রবর্তী।

এছাড়া সমবেত কণ্ঠে বিশেষ সঙ্গীত পরিবেশনা ‘শারদ অঞ্জলি’, টিভি ও বেতারশিল্পী অর্ণব মল্লিকের পরিচালনায় ‘শারদীয় সুরঝংকার’ শীর্ষক মিউজিক অর্কেস্ট্রেশন, বাউলশিল্পী অমিত সেনগুপ্তের কণ্ঠে লোকজ ও বাউল সঙ্গীত পরিবেশিত হবে।
উৎসবের সাংস্কৃতিক আয়োজনে আরও থাকছে সঙ্গীতা দত্তের পরিচালনায় দেবীবন্দনার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয় ভুবনেশ্বরী’। পাশাপাশি জনপ্রিয় সনাতনী ব্যান্ড ‘সূরদর্শন’-এর সঙ্গীত পরিবেশনা এবং চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী অপু দে ও লিপু চৌধুরী নিধির পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, নান্দনিক প্রতিমা, বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এবারের দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে প্রস্তুতি নিচ্ছে মন্দির উদযাপন কমিটি।
এদিকে শারদীয় দুর্গোৎসবের আনন্দে অংশ নিতে চন্দ্রঘোনা ঐতিহ্যবাহী শ্রীশ্রী গীতাভবন মন্দির প্রাঙ্গণে সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মতামত