কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়ের শীল পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিল্পী রানী সুশীল নিজ বাসগৃহে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলায় তাঁর পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
পরে পরিবারের সদস্য ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় শিল্পী রানী সুশীলকে উদ্ধার করে দ্রুত চকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শিল্পী রানী সুশীল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং পদ্মপুকুর পাড়া সর্বজনীন শ্রী শ্রী কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রী রবীন্দ্র লাল সুশীলের সহধর্মিণী।
নিজ বাড়িতে একজন নারীকে এভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
মতামত