নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গামন্দিরে প্রবেশে বাধা, নতুন তালা লাগানো এবং মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগে নিট কনসার্ন গ্রুপের এক পরিচালকসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের পাশাপাশি মন্দির কমিটির আনা অভিযোগগুলো তদন্ত করছে পুলিশ।
পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্দির কমিটি ও নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। বিরোধটি কীভাবে সমাধান করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে।
তারেক আল মেহেদী বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে ভাঙচুর ও মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রমও চলছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ভেতরে অবস্থিত দুর্গামন্দিরের প্রবেশপথে নতুন তালা লাগিয়ে মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া এবং ভেতরে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে।
লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার মন্দিরের ফটকে আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দেন নিট কনসার্ন গ্রুপের লোকজন। এ সময় গ্রুপটির পরিচালক মনির হোসেন মোল্লাসহ অন্যরা মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে তারা দলবল নিয়ে সেখান থেকে চলে যান।
তবে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙা হয়নি। কাপড় দিয়ে করা সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পুলিশ পেয়েছে। এ ঘটনায় নিট কনসার্নের দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্দিরের জমি নিয়ে বিরোধটি অবশ্য নতুন নয়। এর আগে গত ৪ অক্টোবর নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের চেষ্টা করার অভিযোগ তুলে দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কমিটি। এ নিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়। তবে শেষ মুহূর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বলে জানান তরুণ লাল বেগী।
পরবর্তী সময়ে গত ২৬ অক্টোবর মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানিয়েছিলেন, মন্দিরের জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
একই সঙ্গে মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাসও দেওয়া হয়েছিল। এ বিষয়ে নিট কনসার্ন গ্রুপকেও সতর্ক করা হয় বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলসের শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে লক্ষ্মীনারায়ণ কটন মিলস রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘদিন লোকসানের মুখে থাকার পর ২০০০ সালে সরকার কারখানাটির মালিকানা ৫১০ জন শ্রমিক ও কর্মচারীর মধ্যে হস্তান্তর করে। পরবর্তী সময়ে ২০১২ সালে বিনিয়োগকারী হিসেবে নিট কনসার্ন গ্রুপ কারখানাটির পরিচালনার সঙ্গে যুক্ত হয়।
মন্দির কমিটির অভিযোগ, নিট কনসার্ন গ্রুপ যুক্ত হওয়ার পর থেকেই মন্দির, পুকুর ও মাঠের জমি দখলের চেষ্টা চলছে। এ বিষয়ে গত অক্টোবর মাসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে কমিটি জানায়, মন্দিরটি বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে নিবন্ধিত হলেও সনাতন ধর্মাবলম্বীদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। মন্দিরের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগও করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ১৭ জুন মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। কমিটির দাবি, মন্দিরের পাশাপাশি পুকুর ও মাঠের জায়গা নিয়েও দখলচেষ্টার অভিযোগ রয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী বলেন, জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও আশ্বাস ছাড়া কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তার অভিযোগ, অতীতেও মন্দিরে একাধিকবার ভাঙচুর এবং কারখানার শেয়ারহোল্ডারদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের সখ্যতার কারণে তখন প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। বিষয়টি বাংলাদেশ সনাতন পার্টি নামের একটি সংগঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়েও জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মন্দিরের জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গেও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তরুণ লাল বেগী।
দীর্ঘদিন ধরে চলা এই জমিসংক্রান্ত বিরোধের মধ্যে নতুন করে মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ ওঠায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের আগের নির্দেশনা সত্ত্বেও কীভাবে মন্দিরের প্রবেশপথে নতুন তালা লাগানো হলো এবং মন্দির কমিটির অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
মতামত