বোয়ালখালী গ্রামের সবুজ পরিবেশে অবস্থিত মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য এর স্থাপত্য। গোলাপি রঙের সুউচ্চ চূড়া ও সোনালি কারুকাজ রয়েছে মন্দিরে। চারপাশে নারকেল ও সুপারি গাছ, মেঠোপথ এবং দূরের পাহাড়ি পরিবেশ মন্দিরটির স্বাতন্ত্র্য বাড়িয়েছে।
মন্দিরে প্রতিদিন ভোরে শঙ্খধ্বনি এবং সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। নিয়মিত ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিশেষ তিথি ও উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে।
মন্দিরটির প্রধান বার্ষিক আয়োজন দুর্গাপূজা ও রাস মহোৎসব। দুর্গাপূজায় পাঁচ দিন ধরে দেবী বন্দনা, অঞ্জলি, কুমারী পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
কার্তিকের পূর্ণিমায় অনুষ্ঠিত হয় রাস মহোৎসব। রাধা-কৃষ্ণের লীলা, পালাকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেন ভক্তরা। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে মানুষের বড় সমাগম হয়।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই দুই উৎসব ঘিরেই আমাদের সারা বছরের আনন্দ। দূরে যারা থাকেন, তারাও বাড়ি ফেরেন এই সময়।”
মন্দির কমিটির উদ্যোগে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। মন্দিরের উন্নয়নকাজে ‘অখণ্ড সারথি সংঘ’সহ বিভিন্ন সংগঠন সহযোগিতা করে আসছে।
মন্দিরের এক প্রবীণ সেবায়েত বলেন, “এই মন্দির আমাদের অহংকার। আমরা চাই এটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে, যাতে আগামী প্রজন্ম এখান থেকে ধর্ম ও নৈতিকতার শিক্ষা পায়।”
স্থানীয়দের মতে, ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি মন্দিরটির প্রাকৃতিক অবস্থানও গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণ করা গেলে বোয়ালখালী শ্রী শ্রী নারায়ণ মন্দির ভবিষ্যতে দীঘিনালার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
মতামত