সরকারি তিতুমীর কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে নবীন সনাতনী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয়-সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করতে প্রচার বুথ স্থাপন করা হয়েছে। সরকারি তিতুমীর কলেজ মন্দির সনাতন সোসাইটি ফর কালচার অ্যান্ড এডুকেশনের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ বুথ স্থাপন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওরিয়েন্টেশনে আসা নবীন শিক্ষার্থীদের মধ্যে সনাতনী শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন আয়োজকেরা। এ সময় তাদের কলেজ মন্দিরের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে জানানো হয়। পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্পর্কেও অবহিত করা হয়।
আয়োজকেরা জানান, নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি, কলেজ মন্দিরের কার্যক্রমের সঙ্গে তাদের পরিচিত করা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রচার বুথের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও নবীনদের ধারণা দেওয়া হয়।
এ সময় সনাতনী শিক্ষার্থীদের অংশগ্রহণে ভজন, কীর্তন ও সঙ্গীত পরিবেশন করা হয়। এতে কলেজ প্রাঙ্গণে তৈরি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। ওরিয়েন্টেশনে আসা নবীন সনাতনী শিক্ষার্থীরাও এসব আয়োজনে অংগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
আয়োজকদের মতে, ওরিয়েন্টেশনের মতো আয়োজনে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে তাদের কলেজ মন্দিরের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কেও তারা অবহিত হয়েছেন।
সনাতন সোসাইটি ফর কালচার অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মতামত