চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশবিরোধী সশস্ত্র অভিযানে নেতৃত্ব দেওয়ার ৯৪ বছর পূর্ণ হলো আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর অভিযান শেষে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে আত্মাহুতি দেওয়া বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাহস ও আত্মত্যাগের প্রতীক হিসেবে স্মরণ করা হয় প্রীতিলতা ওয়াদ্দেদারকে। ১৯৩২ সালের এই দিনে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশবিরোধী অভিযানে নেতৃত্ব দেন তিনি। অভিযান শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন প্রীতিলতা। পরে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তারের আশঙ্কায় পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন তিনি।
মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা প্রীতিলতার জন্ম ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে। তাঁর বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি এবং মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী।
শিক্ষাজীবনেও মেধার স্বাক্ষর রাখেন প্রীতিলতা। ১৯২৭ সালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ ম্যাট্রিক পাস করেন। পরে ইডেন মহিলা কলেজে পড়ার সময় বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। ১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইএ পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম হন তিনি। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন প্রীতিলতা। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে নারী বিপ্লবীদের সংগঠিত ও প্রশিক্ষিত করতেও ভূমিকা রাখেন তিনি।
মাত্র ২১ বছর বয়সে জীবনাবসান হলেও ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের সাহস ও আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
মতামত