সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পূর্ব শোলাপাড়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন বৈষ্ণবীয় আখড়া মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা মন্দিরে প্রবেশ করে গোপাল ঠাকুরের মূর্তি, দানবাক্সের নগদ টাকা ও একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জনতার সুযোগ নিয়ে চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে গর্ভগৃহে রাখা গোপাল ঠাকুরের মূর্তিসহ দানবাক্সের টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।


মন্দিরের সেবায়েত ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এর আগেও এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গোপাল ঠাকুরের মূর্তি চুরি যাওয়ায় ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে গভীর ক্ষোভ ও মানসিক আঘাত নেমে এসেছে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, চুরি হওয়া মূর্তি উদ্ধার এবং মন্দিরের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা জানান, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের হামলা ও চুরি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মতামত