চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার ঐতিহাসিক রাণী রাসমণি ঘাটে এক মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রান্তিক সনাতনী জেলে সম্প্রদায়ের প্রায় ৩০টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। গত সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় অবস্থানরত শ্রমজীবী জেলেদের থাকার ছোট ছোট ঝুপড়ি ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই অসহায় পরিবারগুলো পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি, ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন ও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে তারা।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার ফাইটারদের প্রায় দুই ঘণ্টার নিরলস ও প্রাণান্তকর প্রচেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতন ধর্মাবলম্বী এবং সকল প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সোচ্চার সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং যথাযথ সরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে যায়। ভয়াবহ এই আগুনে ঘাট এলাকায় থাকা জেলেদের থাকার প্রায় ৩০টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিত তদন্ত সাপেক্ষে নিরূপণ করা হবে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে, সর্বস্ব হারানো জেলে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মতামত