নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে বড় সুযোগ তৈরি হয়েছে স্কটল্যান্ডের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে।
জানা গেছে, বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে পরিবর্তন করে শ্রীলংকায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের এই প্রস্তাবে একমাত্র সমর্থন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির অন্য সদস্য বোর্ডগুলো, বিশেষ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), এই প্রস্তাবের বিরোধিতা করে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরপরও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন,
‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে। এর ফলে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। তারা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটা বিরাট ভুল করে ফেলেছে।’
ইন্ডিয়া টুডেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মদন লাল আরও বলেন,
‘আমার মনে হয় এটা বোকামি সিদ্ধান্ত। এতে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশই সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্যিক দিক বিবেচনায় এত বড় একটি টুর্নামেন্টে না খেলা বাংলাদেশের জন্য বিশাল লোকসান। আমার ধারণা, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে প্ররোচিত করেছে যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়। এর পেছনে ভারতের ক্ষতি করার চেষ্টা রয়েছে।’
মতামত