খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ইসলামি ক্ষমতায় এলে দেশের হিন্দু সম্প্রদায়ের কাউকে ভারতে যেতে হবে না। তারা এ দেশেই নিরাপদে থাকবে এবং জামায়াত তাদের জামাই আদরে রাখবে। তিনি বলেন, জামায়াত ইসলামি কখনো টাকা দিয়ে ভোট কেনে না এবং ভবিষ্যতেও কিনবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন কৃষ্ণনন্দী। জনসভায় খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে কৃষ্ণনন্দী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজির টাকায় বস্তা ভরে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। এ ধরনের রাজনীতি দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ভোটারদের উদ্দেশে কৃষ্ণনন্দী আরও বলেন, জামায়াতে ইসলামি কখনো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে ভোট কেনার জন্য টাকা দেয় না। দলটি আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর নির্ভর করেই নির্বাচনে অংশ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করতে চায় এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।
মতামত