ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সভায় জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনস্থ অডিটোরিয়ামের নাম “কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম” রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
একইসঙ্গে জগন্নাথ হল প্রাঙ্গণে হলের ভূমিদাতা শ্রী কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি স্থাপন এবং যীশু খ্রীষ্টের একটি ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সিন্ডিকেটের কার্যবিবরণীর আলোচ্যসূচিতে বিষয়টি উত্থাপিত হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় হল প্রক্টরের নির্দেশক্রমে জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক ও সহ-সভাপতি পল্লব চন্দ্র বর্মন প্রস্তাবের প্রতি সহমত প্রদান করেন। পরবর্তীতে সিন্ডিকেট সভায় অডিটোরিয়ামের নামকরণ এবং সংশ্লিষ্ট ভাস্কর্য স্থাপনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।


প্রতিষ্ঠালগ্ন থেকে সনাতনী শিক্ষার্থীদের একটি অংশ জগন্নাথ হল প্রাঙ্গণে বিশেষ ভাস্কর্য স্থাপনের দাবিতে সোচ্চার ছিলেন। দীর্ঘদিনের জনমত গঠন, প্রশাসনের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় যুক্তি উপস্থাপনের পর স্থায়ী সরস্বতী প্রতিমা, হলের ভূমিদাতা শ্রী কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি এবং যীশু খ্রীষ্টের ভাস্কর্য স্থাপনের অনুমোদন পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ জগন্নাথ হলের ঐতিহ্য, বহুত্ববাদী চেতনা ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ভূমিদাতার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন হলের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হল শিক্ষার্থীবৃন্দ। একইসঙ্গে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক ও সহ-সভাপতি পল্লব চন্দ্র বর্মনকেও ধন্যবাদ জানানো হয়েছে সার্বিক সহযোগিতার জন্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে জগন্নাথ হলের ঐতিহাসিক পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
মতামত