বিশ্বের প্রথম কোনো রাজনৈতিক নেতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম Instagram–এ ১০ কোটি (১০০ মিলিয়ন) অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার এক দশকের মাথায় তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান। বিশ্বজুড়ে ডিজিটাল উপস্থিতির দৌড়ে তিনি বর্তমানে অন্য সব বিশ্বনেতাকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, তার অনুসারী সংখ্যা দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর চেয়ে দ্বিগুণেরও বেশি। ট্রাম্পের অনুসারী প্রায় ৪ কোটি ৩২ লাখ। তালিকায় আরও রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো (১ কোটি ৫০ লাখ), ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা (১ কোটি ৪৪ লাখ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান (১ কোটি ১৬ লাখ) এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (৬৪ লাখ)।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার ডিজিটাল আধিপত্য স্পষ্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ–এর অনুসারী ১ কোটি ৬১ লাখ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী–এর অনুসারী প্রায় ১ কোটি ২৬ লাখ। নিজ দেশের অন্যান্য নেতাদের তুলনায় এই বিশাল ব্যবধান তার অনলাইন প্রভাব ও জনপ্রিয়তার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি তার দাপ্তরিক কর্মকাণ্ড, বিদেশ সফর, জনসম্পৃক্ততামূলক উদ্যোগ এবং ব্যক্তিগত মুহূর্ত নিয়মিতভাবে ইনস্টাগ্রামে শেয়ার করে আসছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে এই প্ল্যাটফর্ম তার জন্য একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। প্রথাগত প্রচারমাধ্যমের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানোর এই কৌশল বিশ্ব রাজনীতিতে ডিজিটাল যোগাযোগের নতুন ধারা তৈরি করেছে।
মতামত