রাজধানীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভ দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ কর্মসূচি। ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় আয়োজনে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
দোল পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর ছিল মন্দির এলাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজার সকল আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। ভক্তরা ভক্তিভরে প্রার্থনায় অংশ নেন এবং পূজা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধর্মীয় আয়োজনের মূল লক্ষ্য হলো সনাতন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। তারা বলেন, দোল পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধনেরও প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সাধারণ সম্পাদক রাজ ঘোষ, সাংগঠনিক সম্পাদক অলক বিশ্বাস এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাঁধন দত্ত। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দিলিপ দাস, মিন্টু ঠাকুর, বাবুলাল দাস, বাসুদেব ও সুশান্ত দাস।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের জিএস সুদীপ্ত প্রামাণিক, লালবাগ কেল্লা শ্মশান উন্নয়ন কমিটির সহ-সভাপতি শ্যামল ঘোষ ও সভাপতি বিদ্যুৎ ঘোষ সুজন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট শুভ মজুমদার এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ঢাকা মহানগরের সভাপতি সজীব কুন্ডু তপু ও দপ্তর সম্পাদক সজিব চন্দ্র দাস বাপ্পিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত