সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি উসকানিমূলক পোস্টকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়কে ঘিরে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়, যা অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হিসেবে দেখছেন।


বিশেষ করে একটি শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে ‘নরবলির’ মতো স্পর্শকাতর ও সংবেদনশীল শব্দ ব্যবহার করে ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে সন্দেহ ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে চন্দ্রনাথ পাহাড় এলাকায় নানা ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সেনাবাহিনীর ‘চিরুনি অভিযান’-এর দাবি জানানো হয়, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে।

পুলিশ জানিয়েছে,তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক পোস্টটির বিরুদ্ধে নেটিজেনদের বড় অংশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “দেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের পোস্ট দেওয়া হচ্ছে।” আরেকজন লিখেছেন, “অপরাধী যে-ই হোক, তার বিচার চাই। কিন্তু একটি ধর্মকে টার্গেট করে মিথ্যা অপপ্রচার গ্রহণযোগ্য নয়।” কেউ কেউ এটিকে পরিকল্পিতভাবে ‘মব তৈরি’র চেষ্টা বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, অতীতে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির নজির রয়েছে। তাই এ ধরনের সংবেদনশীল ঘটনায় দায়িত্বশীল আচরণ এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তারা।

মতামত