পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফেনী শহর থেকে বালিগাঁওয়ের উদ্দেশে যাত্রী নিয়ে যেত শান্ত কুমার সাহা। রোববার রাত আটটার দিকে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী তার অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন পাম্পের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে।
ডোবা থেকে উঠে নিজের অটোরিকশা উদ্ধারের জন্য ছিনতাইকারীদের পেছনে দৌড়াতে থাকলে রামপুর রাস্তার মাথা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শান্ত কুমারের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় তার বাবা বাড়িতে অটোরিকশাটি রেখে গিয়েছিলেন। পরে কিছু রোজগারের আশায় শান্ত অটোরিকশাটি নিয়ে ফেনী শহরের উদ্দেশে বের হয়। কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন ও অটোরিকশা—দুটিই হারাতে হয়েছে তাকে।
এ ঘটনায় নাসির, ইমামউদ্দিন ও সোহাগ নামে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান চলছে।
মতামত