মাদারীপুর–২ (রাজৈর-মাদারীপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা মিল্টন বৈদ্য। শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মিল্টন বৈদ্য লেখেন,
“আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আসসালামু আলাইকুম / নমস্কার। বিএনপির চরম দুঃসময়ে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারিনি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে হামলা, মামলা, বাড়িঘর লুটপাট, পুড়িয়ে দেওয়া ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েও নির্বাচনের দিন পর্যন্ত লড়াই করে গেছি।”
তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রাম নেই যেখানে তিনি অংশ নেননি। অথচ দলীয়ভাবে মূল্যায়নের ক্ষেত্রে নিজেকে বারবার অবহেলিত ও অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মিল্টন বৈদ্য বলেন,“কিন্তু তারপরও দলের কাছে আমি অযোগ্য। তাই ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে রাজৈর-মাদারীপুর–২ আসনের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি এলাকার জনগণের কাছে দোয়া, আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিল্টন বৈদ্যের এই ঘোষণা মাদারীপুর–২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় পর্যায়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে কতটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
মতামত