সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় নিজ বাসভবন থেকে হিন্দু তরুণ চিকিৎসক ডা. সজীব দত্তের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ডা. সজীব দত্ত সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং তপন কুমার দত্তের ছোট ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর ইন্টার্নশিপ শেষ করেন। এরপর উচ্চতর চিকিৎসা শিক্ষার জন্য লন্ডনে যান। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে তার মা কাঞ্চন দত্ত পূজার জন্য তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক তরুণ, মেধাবী এবং সম্ভাবনাময় চিকিৎসকের এমন অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং পরিচিতজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, ডা. সজীব দত্ত ছিলেন অত্যন্ত ভদ্র, মেধাবী ও ভবিষ্যৎমুখী একজন তরুণ চিকিৎসক। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এবং দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই এমন মর্মান্তিক ঘটনার খবর সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ডা. সজীব দত্তের মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে তার এই অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন।
মতামত