ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল খোকোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ব্যবহৃত শ্মশানঘাট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্মশানঘাটটি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, চাড়োল খোকোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে ব্যবহৃত শ্মশানঘাটে স্থানীয় কয়েকজন মুসলিম ব্যক্তি হাল চাষ করেছেন। তাঁদের দাবি, গ্রামের শত শত মানুষের শেষকৃত্য সম্পন্ন করার একমাত্র নির্ভরযোগ্য স্থান এই শ্মশানঘাট। দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে ব্যবহৃত এই স্থানটি দখলের মুখে পড়ায় স্থানীয় হিন্দু পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শ্মশানঘাটটি শুধু একটি জমি নয়, বরং এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের শেষকৃত্য সম্পন্ন করার একমাত্র আশ্রয়স্থল। সেখানে স্বজনদের সমাধি ও স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পরিবারের আবেগ ও ধর্মীয় অনুভূতি। শ্মশানঘাটের জমিতে হাল চাষের অভিযোগে অনেকেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। বাবার সমাধির ক্ষতবিক্ষত অবস্থা দেখে এক সন্তানের কান্নায় ভেঙে পড়ার দৃশ্যও সামনে এসেছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের এই শ্মশানঘাটটি অস্তিত্ব সংকটে পড়তে পারে। এতে ভবিষ্যতে গ্রামের হিন্দু পরিবারগুলোর শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে চরম ভোগান্তি তৈরি হবে।
এ অবস্থায় শ্মশানঘাটের জমির সীমানা ও মালিকানা যাচাই করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শ্মশানঘাটের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত