আজ ২২ নভেম্বর, তেরশ্রী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিন্দু অধ্যুষিত তেরশ্রী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বর হামলায় প্রাণ হারান ৪৩ জন নিরীহ বেসামরিক মানুষ। তাঁদের মধ্যে ছিলেন হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অগ্নিসংযোগে পুড়িয়ে দেওয়া হয় গ্রামের বাড়িঘর ও বাজারের বিভিন্ন স্থাপনা। ইতিহাসে নৃশংস এই হত্যাযজ্ঞ ‘তেরশ্রী ট্র্যাজেডি’ নামে পরিচিত।
১৯৭১ সালের ২২ নভেম্বরের সেই হত্যাযজ্ঞের ৫৫ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এখনো ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
আজ রোববার (২২ নভেম্বর) শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। এ উপলক্ষে সকালে তেরশ্রী গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা, কালো পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরীফুল আলম টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, গণহত্যার আগের দিন ২১ নভেম্বর রাতে তেরশ্রী গ্রামের সেনপাড়া কালীবাড়ি মাঠে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা গোপন বৈঠক করে। ওই বৈঠকেই পরদিন গ্রামের নিরীহ মানুষের ওপর হামলার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২২ নভেম্বর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় তেরশ্রী গ্রামে শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ। নিরস্ত্র মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে গ্রামের বিভিন্ন বাড়িঘর ও বাজারে চালানো হয় অগ্নিসংযোগ। একদিনের এই হত্যাযজ্ঞে প্রাণ হারান ৪৩ জন।
নিহতদের মধ্যে ছিলেন জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, কলেজের ছাত্র সাধন কুমার ও বিপ্লব কুমার সাহা, জমিদারবাড়ির পূজারি সচীন্দ্রনাথ গোস্বামী এবং কলেজের দপ্তরি মাখন চন্দ্র সরকারসহ তেরশ্রী ও আশপাশের এলাকার বাসিন্দারা।
শহীদদের স্মৃতি ধরে রাখতে পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে নির্মাণ করা হয়েছে গণহত্যা স্মৃতিস্তম্ভ। ঘিওর-দৌলতপুর ভায়া টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটি মূল বেদির ওপর ৩০ ও ১৭ ফুট উচ্চতার দুটি স্তম্ভ নিয়ে নির্মিত। স্তম্ভের গায়ে মার্বেল পাথরে খোদাই করা রয়েছে ৩৬ জন শহীদের নাম। বাকি সাতজনের নাম জানা যায়নি। ১৯৯৪ সালের ২৭ ডিসেম্বর স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়।
সেদিনের হত্যাযজ্ঞের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন শহীদ জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীর একমাত্র সন্তান সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী। তিনি বর্তমানে তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউটের শিক্ষক। ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি তখন ছোট। সেদিনের সেই কথা মনে পড়লে এখনো আমি স্তম্ভিত হয়ে যাই।’
ক্ষোভ প্রকাশ করে সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর কেউ রাখেনি। এই হত্যাকাণ্ডের বিচারও হয়নি। শহীদ পরিবারের অসহায় সদস্যরা পাননি রাষ্ট্রীয় সম্মাননা কিংবা ন্যূনতম ভাতা। এখনো রাজাকাররা এ দেশের মাটিতে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। জীবদ্দশায় তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তি দেখে যেতে চান।
৫৫ বছর আগে তেরশ্রীতে ঘটে যাওয়া সেই নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি আজও মুছে যায়নি। প্রতিবছর গণহত্যা দিবস ফিরে এলেও শহীদ পরিবারের প্রত্যাশা একটাই—হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই রক্তাক্ত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা।
মতামত