নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র (৪৫), পিতা ওমিনি চন্দ্র, তার মেয়ে রাখি রানীকে প্রায় ৬-৭ বছর আগে একই এলাকার উত্তম কুমারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর রাখি স্বামীর বাড়িতেই বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত।
অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর শ্রী তশুরাম (৭০), ভাশুর উৎপল (৪২), ননদ পুষ্পা রানী (২৫) ও মনা রানী (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে রাখির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১ এপ্রিল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারা রাত বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।
এ ঘটনার খবর পেয়ে পরদিন (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গৌর চন্দ্র তার ছেলে পলাশ ও কয়েকজন স্বজনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে রাখির শ্বশুরবাড়ির সদস্যরা গৌর চন্দ্রসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় গৌর চন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলায় তার ছেলে পলাশও আহত হন।
পরে স্থানীয়রা গৌর চন্দ্রকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি—মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫)কে গ্রেফতার করে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে ক্ষোভ বিরাজ করছে।
মতামত