চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত ডেওয়া পাড়া এলাকায় একাধিক সংখ্যালঘু পরিবারের বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের দাবি, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে তাদের ঘরের বাইরে দরজায় থালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়, যাতে ঘরের ভেতরে অবস্থানরত নিরীহ সংখ্যালঘু পরিবারগুলোর সদস্যরা বের হতে না পারেন এবং তাদের মৃত্যু নিশ্চিত হয়।

অভিযোগ অনুযায়ী, রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেওয়া পাড়া এলাকায় অবস্থিত প্রমোদ তালুকদার, বিমল তালুকদার, নিউটন তালুকদার লিটন এবং বাবুল দাশের বাড়িতে একযোগে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্য, এটি কোনো আকস্মিক অগ্নিকাণ্ড নয়; বরং তাদের লক্ষ্য করে পূর্বপরিকল্পিতভাবে ভয়াবহ হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও পরবর্তীতে একপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “তোমাদের ঘরে তোমরাই আগুন দিয়েছো”। এমন মন্তব্যে হতবাক হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অভিযোগ, ন্যায়বিচার চাওয়ার পরিবর্তে উল্টো তাদেরই সন্দেহের চোখে দেখা হয়েছে, যা ভুক্তভোগীদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছে।
এছাড়াও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলোর অভিযোগ, তারা থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের অভিযোগ অনুযায়ী মামলা গ্রহণ না করে নিজেদের মতো করে মামলা তৈরি করে এবং বাদীকে তাতে সই-স্বাক্ষর দিতে বাধ্য করে। শুধু তাই নয়, মামলার কপি চাওয়ার পরও তা বাদীর হাতে তুলে দেওয়া হয়নি; বরং দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শুরু থেকেই মামলাটির স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে ভুক্তভোগীদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ-এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন এডভোকেট রবীন্দ্র ঘোষ, ডা. শিবু নাথ এবং অমিত কান্তি নাথ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, স্থানীয় স্বাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রতিনিধি দলের উপস্থিতিতে স্থানীয় একাধিক স্বাক্ষী একত্রিত হয়ে মামলার ভবিষ্যৎ ফলাফল নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে এ ঘটনাকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একটি নৃশংস ও নিন্দনীয় হামলা হিসেবে অভিহিত করা হয়েছে। সংগঠনটি বলেছে, একটি পরিবারের বসতঘরে আগুন দেওয়া শুধু সম্পদের ক্ষতি নয়, বরং এটি সরাসরি জীবননাশের উদ্দেশ্যে পরিচালিত ভয়াবহ অপরাধ। বিশেষ করে দরজা বন্ধ করে আগুন লাগানোর অভিযোগ প্রমাণিত হলে এটি আরও ভয়ঙ্কর ও অমানবিক অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সংগঠনটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলাটি যথাযথ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, তদন্তে স্বচ্ছতা আনা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদান করা এখন সময়ের দাবি। অন্যথায় এমন ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আরও বেশি নিরাপত্তাহীনতা ও আস্থাহীনতা তৈরি করবে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ আরও জোর দিয়ে বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে শুধু মামলা দায়ের করলেই চলবে না; বরং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। সংগঠনটির মতে, ভুক্তভোগীরা যদি থানায় গিয়েও ন্যায়বিচার না পান, তবে তা রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে।

মতামত