সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসগ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে।
প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে (বিজ্ঞপ্তি অনুযায়ী রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে, আর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে রাত ৪টার কথা উল্লেখ করা হয়েছে) মৃত মানিক লাল গোস্বামীর নিজ গৃহস্থালিতে প্রতিষ্ঠিত মন্দিরে এ ঘটনা ঘটে।
অভিযোগে নিরন বিশ্বাস, বিমল দাস, বাবুল বিশ্বাস ও রিপন বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত লোকজন নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুর চালানোর কথা উল্লেখ করা হয়েছে। এ সময় ঘরের জানালা, রডসহ বিভিন্ন মালামাল, দেববিগ্রহের মাথার চূড়া ও স্বর্ণের বাঁশি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ঘটনাস্থলে টিনের কাঠামো ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় জকিগঞ্জ প্রসাসন, ও উপজেলার সনাতনী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং মন্দির ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
মতামত