সাগরের উত্তাল ঢেউ, টানা বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে পুণ্যার্থীদের আগমনের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুণ্যস্নানের মাধ্যমে শেষ হয়। ধর্মীয় স্বাধীনতা, সনাতনী ঐতিহ্যের চর্চা এবং নিরাপদ যাতায়াতের অধিকার নিয়ে দেশের সচেতন মহলে বরাবরই গুরুত্ব পেয়ে আসা এই আয়োজনে এবারও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দেশের নানা প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী অংশ নেন।
প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত এই রাসপূর্ণিমার পুণ্যস্নানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আস্থা ও মঙ্গল কামনা কাজ করে। বন বিভাগের অনুমোদিত পাস-পারমিট নিয়ে নির্ধারিত নৌপথ ধরে পুণ্যার্থীরা চরে পৌঁছান এবং পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে পাস-পারমিট দেওয়া হয়। পাশাপাশি সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭টি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছিল।
(News copied from- 'হিন্দুস নিউজ')
উৎসব চলাকালে সুন্দরবনের পরিবেশ, বনজ সম্পদ ও বন্য প্রাণীর সুরক্ষার পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। চলাচলের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বনকর্মীদের টহল ও নজরদারি বাড়ানো হয়। অংশগ্রহণকারী পুণ্যার্থী বিদেষ রঞ্জন মৃধা জানান, রাসপূর্ণিমার ভোরে স্নান করলে পাপ-তাপ দূর হয় এবং জীবনে মঙ্গল ও আশীর্বাদ মেলে—এই বিশ্বাস থেকেই বৈরী আবহাওয়া সত্ত্বেও তিনি চরে এসেছেন। দাকোপ উপজেলা থেকে আসা পুণ্যার্থী কালিপদ রায় বলেন, কয়েক দফা বৃষ্টির মধ্যেও বন বিভাগের অনুমতি নিয়ে তারা আলোরকোলে পৌঁছান এবং রাতভর থেমে থমে বৃষ্টি শেষে সকালে রোদের দেখা মেলায় নির্বিঘ্নে পুণ্যস্নান সারতে পেরেছেন।
দুবলার চর রাস উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, তিথি অনুযায়ী শনিবার থেকেই পূজা-অর্চনা শুরু হয় এবং ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে শত শত ট্রলারে হাজারো ভক্ত জড়ো হন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ বলেন, ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণে পুণ্যার্থীদের সচেতন করা হয়েছে, যা প্রকৃতি ও মানুষের সহাবস্থানের জন্য অত্যন্ত জরুরি। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য প্রভাবে পাস-পারমিট নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে অনুমতি দেওয়া হয়; নির্ধারিত পাঁচটি নৌপথ দিয়ে দিনের বেলায় চলাচল, নির্ধারিত চেকপোস্টে নোঙর, আগ্নেয়াস্ত্র ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধকরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং শব্দদূষণ রোধের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
মতামত