ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং এর পূর্ববর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে, যা দেশের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ঢাকার পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৯ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সারাদেশে মোট ১৩৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ২৫টি হত্যাকাণ্ড, ৪টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা, ৩৫টি মন্দিরে হামলা ও লুটপাট এবং আদিবাসীসহ অন্যান্য সম্প্রদায়ের ওপর ৬৯টি হামলার ঘটনা।
সংগঠনটি জানায়, জানুয়ারি মাসে ৪৬টি, ফেব্রুয়ারিতে ৫০টি এবং মার্চ মাসে ৩৭টি পৃথক সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। প্রতিটি মাসেই হত্যাকাণ্ড, ধর্মীয় স্থাপনায় হামলা, ভূমি দখল, চাঁদাবাজি, লুটপাট ও হুমকির মতো ঘটনা অব্যাহত ছিল। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

এই প্রেক্ষাপটে ঐক্য পরিষদ সরকারের কাছে একাধিক দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং একটি জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার প্রতি জোর দিয়ে বলা হয়, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতির বাস্তবায়নই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একমাত্র পথ।
মতামত